- বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার পর আইনগত দিক বিশ্লেষণ করে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “আমরা আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি। রায়ের কপি পাওয়ার পর আইন অনুযায়ী যেটা করণীয়, সেটিই করব। বিভিন্ন দিক বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।”
উল্লেখ্য, আপিল বিভাগের রায়ের পর ইশরাকের শপথ প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন সিইসি এবং অন্য নির্বাচন কমিশনাররা।
এর আগে, বিএনপির নেতা ইশরাক হোসেনের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এই গেজেটের বিরুদ্ধে আপিল হলে তার শপথ গ্রহণ স্থগিত হয়ে যায়।
প্রসঙ্গত, বর্তমানে দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১ জুন।

