দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ এবং ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। একইসঙ্গে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধেও সতর্কতা অবলম্বন করা জরুরি। এ পরিস্থিতিতে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিত সুপারিশমালার আলোকে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:
ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্দেশনা:
1. বারবার প্রয়োজন মতো কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
2. জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
3. আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
4. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
5. হাঁচি-কাশির সময় বাহু কিংবা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে।
এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের জন্য আহ্বান জানানো হয়েছে।
-
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নির্দেশনার বাস্তবায়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

