বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু বিএনপি নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা জাপানে এক বক্তৃতায় বলেছেন, একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটি সঠিক নয়। বাস্তবতা হলো, অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন চায় এ বছরেই। কিন্তু নির্বাচন আয়োজনের জন্য উপদেষ্টা পরিষদকে দ্রুত সংস্কার করতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়।”
তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে এমন সদস্য রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন, কেউ বা একটি বিশেষ দলের অনুসারী। এদের বিতর্কিত ভূমিকার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, “এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার সম্ভব। প্রধান উপদেষ্টা না পারলে আমাদের বলেন, আমরা করে দিই।”
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “জনগণের জন্য রেশন কার্ডভিত্তিক খাদ্য সহায়তা, স্বাস্থ্য কার্ড, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা এবং কৃষকদের উন্নয়নের জন্য ইতোমধ্যে তারেক রহমান কর্মসূচি প্রণয়ন করেছেন।”
- সালাহউদ্দিন আহমেদ বলেন, “সবকিছু নির্ভর করছে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের ওপর। আমরা যে ৩১ দফা ঘোষণা করেছি, তা একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে বাস্তবায়ন সম্ভব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি কার্যকর হয়, তাহলে একটি নতুন, উন্নত বাংলাদেশ সম্ভব।”

