বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু।
রবিবার (১৫ মে) দুপুরে বরিশাল ক্লাবের হলরুমে মহানগর বিএনপির আয়োজনে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে নির্বাচনের সময়সূচি এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বুঝতে হবে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই তারেক রহমান দেশে ফিরবেন।”
নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তির বিষয়ে তিনি বলেন, “কয়েকটি দলের বিরোধিতাকে গুরুত্ব না দিয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দলের অভিমতকে গুরুত্ব দিতে হবে। বর্তমানে বিএনপিসহ ৬২টি রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে বেশিরভাগই নির্বাচনের পক্ষে।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, তা কমে আসবে এবং একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। এ জন্যই আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ইতিবাচক দৃষ্টিতে দেখছি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আব্দুল আউয়াল মিন্টু মহানগর বিএনপির নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য ফরম তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা।

