আর মাত্র এক সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকায় জমে উঠতে শুরু করেছে বিভিন্ন পশুর হাট। এরই মধ্যে গাবতলীস্থ ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাটে প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন।
শনিবার (৩১ মে) সরেজমিনে গাবতলী হাটে গিয়ে দেখা যায়, দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে ট্রাকযোগে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটজুড়ে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। তবে এবছর হাটের প্রস্তুতি কিছুটা বিলম্বে শুরু হয়েছে। সাধারণত ঈদের ১৫ দিন আগেই প্রস্তুতি সম্পন্ন হলেও এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দরপত্র কার্যক্রমে দেরি এবং বৈরী আবহাওয়ার কারণে সময় লেগেছে।
হাটের প্রবেশপথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। অনেক গরুর দাম হাঁকা হচ্ছে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। যদিও এখনো হাটে গরুর সংখ্যা তুলনামূলকভাবে কম। বেচাকেনা জমে ওঠেনি। বরং এই মুহূর্তে হাটে ক্রেতার চেয়ে ইউটিউবার ও টিকটকারদের উপস্থিতি বেশি চোখে পড়ছে।
গাবতলী হাটে আলী আকবর নামে এক আগ্রহী ক্রেতা জানান, তার বাজেট দুই লাখ টাকা। তিনি বলেন, “এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কোরবানি দেবো।”
হাটে হাসিল আদায়ের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা জানান, এখনো হাটের ইজারা চূড়ান্ত হয়নি। ফলে চূড়ান্ত ইজারাদার দায়িত্ব গ্রহণ না করায় আপাতত তারাই প্রতিস্পষ্ট হাজারে ৩৫ টাকা হারে খাস আদায় করছেন।
যদিও ঈদের আগের দুই-তিন দিনই ঢাকার হাটগুলোতে বেচাকেনা মূলত জমে ওঠে, তবে যাদের নিজস্ব বাসাবাড়ি আছে, তারা অনেকেই আগেভাগেই গরু কিনতে আগ্রহী হয়ে উঠেছেন।
সবমিলিয়ে ঈদুল আজহার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে গাবতলী হাটে। ক্রেতা ও বিক্রেতা উভয়ের পদচারণায় আগামী কয়েক দিনের মধ্যেই হাটে প্রাণচাঞ্চল্য আরও বেড়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

