ঢাকাSunday , 1 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

ঈদে বিটিভির ‘আনন্দমেলায়’ চমকে ভরা আয়োজন, থাকছেন শাকিব খান ও তিশা

Link Copied!

ঈদ মানেই আনন্দ আর উৎসবের রঙে রাঙানো আয়োজন। সেই আনন্দকে আরও বর্ণিল করতে প্রতি ঈদেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। তবে এবারের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে তারকাবহুল ও চমকে ভরা।

ঈদের দিন রাত ১০টায় প্রচারিতব্য এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এবার প্রথমবারের মতো ‘আনন্দমেলা’য় অংশ নিচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি। এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আড্ডায়ও মাতবেন কিং খান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিশা নিজেই। তার সঙ্গে রয়েছেন নাট্যাভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এই আয়োজনে আরও থাকছে কবিগুরু কাজী নজরুল ইসলামের সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত তিনটি নৃত্য পরিবেশনা। যেখানে ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’ চরিত্রে নাচবেন জনপ্রিয় তিন তারকা—আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। তাঁরা দলীয়ভাবে পরিবেশন করবেন নজরুলের আরেক কালজয়ী গান ‘আমি পূর্ব দেশের পুরনারী’।

বড় আরেকটি চমক হিসেবে থাকছে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি। এছাড়া ব্যান্ড দল ‘ওয়ারফেজ’-এর পরিবেশনা এবং জনপ্রিয় সিনেমার গান ও লোকগীতির সঙ্গে নাচবেন পূজা চেরী ও দীঘি। পূজা চেরী পারফর্ম করবেন ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’ ও ‘দয়াল’ গানের কোলাজে, আর দীঘিকে দেখা যাবে ‘মিলন হবে কতদিনে’, ‘নেশা লাগিল রে’ ও ‘সোহাগ চাঁদ বদনি’ গানের তালে।

এবারের আনন্দমেলায় রয়েছে ক্রীড়া তারকাদের নিয়েও একটি বিশেষ গেম শো। এতে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সাব্বির, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আরচার বন্যা আক্তার।

হাস্যরসাত্মক আয়োজনেও এবার নতুন মাত্রা যোগ হয়েছে। দর্শকদের হাসির খোরাক দিতে থাকছে ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’—এই চারটি মজার নাটিকা। অভিনয়ে রয়েছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। পাশাপাশি গরুর হাট কেন্দ্রিক কৌতুক উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি।

এতসব আকর্ষণীয় পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ নিশ্চিতভাবেই ঈদ আনন্দে যোগ করবে বাড়তি মাত্রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।