ঢাকাMonday , 2 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন পেছানোর অপচেষ্টা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে প্রতারণা: ঢাবি শিবির সভাপতি

Link Copied!

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে প্রশাসনের ধীরগতির প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ। তিনি বলেছেন, ডাকসু নির্বাচন পেছানোর যেকোনো চেষ্টা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে প্রতারণা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, “একটি অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে গিয়ে ডাকসু পেছানোর অপচেষ্টা চলছে। এটি ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। অশুভ চক্রের পেশিশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি ফিরিয়ে আনার এই প্রকল্পে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে, তাহলে শিক্ষার্থীরা আরেকটি ‘জুলাই’ নামাবে—ইনশাআল্লাহ।”

সম্প্রতি ঢাবি প্রশাসনের কাছে অবিলম্বে ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানায় কয়েকটি ছাত্র সংগঠন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতির সপ্তম ধাপে রয়েছে তারা। এই ধাপে নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের জন্য সাতজন শিক্ষকের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে তিনজনের নাম কমিশনার হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, দেশের সার্বিক পরিস্থিতি, ঈদের ছুটি ও সম্ভাব্য শিক্ষকদের ছুটিতে থাকায় কমিশন গঠনের কাজে কিছুটা সময় লাগছে। ঈদ-উল-আজহার ছুটি শেষে প্রস্তাবিত নামগুলো সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। অনুমোদনের পরই কমিশন গঠন এবং নির্বাচনী কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে তারা। গত ১৫ এপ্রিল একটি নির্দিষ্ট টাইমলাইন প্রকাশ করা হয়। এই অনুযায়ী ৪র্থ ধাপ পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে ৭ম ধাপ।

এছাড়া নির্বাচনের জন্য ‘ডাকসু ইলেকশন কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি’ সাতটি বৈঠকের মাধ্যমে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে এবং তা সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। একইভাবে সংশোধিত গঠনতন্ত্রও অনুমোদিত হয়ে ছাত্রসংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্বাচনকে কার্যকর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে একটি পরামর্শক কমিটিও গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে ৯টি মতবিনিময় সভা শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছে, ডাকসু নির্বাচন সময়মতো ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।